বিশেষ সাধারণ সভা ঘিরে সদস্যদের প্রতিক্রিয়া: গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ
দিনাজপুর প্রতিনিধি ॥ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: ২৯৩৬)-এর ১৪ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভাকে ঘিরে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সভাপতি জি. এম. হিরুর জারি করা বিজ্ঞপ্তিতে সভায় অংশগ্রহণের জন্য নিবন্ধন এবং পরিচয়পত্রের শর্ত আরোপ করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ করেছেন একাধিক সদস্য।
বিজ্ঞপ্তি অনুসারে, বিশেষ সাধারণ সভায় প্রবেশের জন্য নিবন্ধন ও পরিচয়পত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। এ ধরনের শর্তের ব্যাপারে অনেক সদস্য প্রশ্ন তুলেছেন। গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনের বৈধ সদস্যরা বিনা শর্তে সভায় অংশ নেওয়ার অধিকার রাখেন। পরিচয়পত্র বা রেজিস্ট্রেশন শর্ত দিয়ে এই অধিকার সীমিত করা গঠনতন্ত্রের লঙ্ঘন বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ সদস্য।
ঘোষণায় ভেন্যু ও সময় স্পষ্ট করে উল্লেখ না করে তা পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপ স্বচ্ছতার অভাবের পরিচায়ক বলে মনে করছেন সদস্যরা। প্রচলিত রীতি অনুযায়ী, সভার তারিখ, সময় এবং ভেন্যু আগামভাবে জানানো সংগঠনের দায়িত্ব।
ঘোষণায় স্থগিত ও বহিষ্কৃত সদস্যদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যনির্বাহী পরিষদের অনুমোদন ছাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদস্যরা বলেন, সভাপতি নিজের ইচ্ছামতো সদস্যদের স্থগিত বা বহিষ্কার করতে পারেন না। এটি ক্ষমতার অপব্যবহার।
সদস্যদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ধরনের ব্যবস্থা সংগঠনের অভ্যন্তরে ভিন্নমত দমন এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা এড়ানোর উদ্দেশ্যে নেওয়া হতে পারে। তাদের মতে, এটি সাংগঠনিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর রেজি নং রাজ : ২৯৩৬ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য আব্দুস সালাম বলেন, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরুর শোহিত সরাসরি কথা হয়েছে তিনি বলেন, তুমিতো আমাদের বাদী, আমরা বিবাদী, তাই এই অনুষ্ঠানে তোমার অংশগ্রহণ করা যাবে না বলে সাফ জানিয়ে দেন। অথচ, গঠনতন্ত্র অনুযায়ী অত্র ইউনিয়নের সকল চাঁদা প্রদানকারী বৈধ সদস্য সাধারণ পরিষদ অনুষ্ঠানে অংশগ্রহণ অধিকার রাখেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































